জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের (ইউএনজিএ৮১) উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিতে আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সম্ভাব্য সফরসূচি অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর তার নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে।
সফরকালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন কূটনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। বিশ্বনেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকেও তার অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আগামী ২৪ সেপ্টেম্বর বিকেলে জাতিসংঘ সদর দপ্তরের মূল অধিবেশন কক্ষে বিশ্বনেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। তবে সফরের চূড়ান্ত সূচি এখনো অনুমোদিত হয়নি।
নিউইয়র্কে জাতিসংঘের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকো সফর করবেন। সেখানে দুই দিনের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সেখান থেকেই দেশে ফেরার কথা রয়েছে। সরকার ও যুক্তরাষ্ট্র বিএনপির সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, পুরো সফর ৮ থেকে ১০ দিনের হতে পারে।
এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। ইউএনজিএ৮১-এর সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। দীর্ঘ প্রায় চার দশক পর জাতিসংঘ সদর দপ্তরে একই সময়ে বাংলাদেশের সরকারপ্রধান ও সাধারণ পরিষদের সভাপতি উপস্থিত থাকবেন। বিষয়টিকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক গুরুত্ব ও প্রতিনিধিত্বের একটি উল্লেখযোগ্য মুহূর্ত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সফরসূচি, বৈঠক এবং অন্যান্য কর্মসূচি চূড়ান্ত করতে কাজ করছেন বলে জানা গেছে।
দীর্ঘ প্রায় দুই দশক পর তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। সফর উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নিউইয়র্কে বড় পরিসরে একটি নাগরিক সংবর্ধনার আয়োজনের প্রস্তুতিও চলছে। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র বিএনপির নীতিনির্ধারক ও স্থানীয় নেতারা ভার্চুয়াল যৌথ প্রস্তুতি সভা করেছেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশির নিউইয়র্কে সমবেত হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী গণমাধ্যমকে বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের পরিকল্পনা রয়েছে। তবে সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।
উল্লেখ্য, সরকার গঠনের পর প্রথম বিদেশ সফর হিসেবে গত ২১ থেকে ২৬ জুলাই মালয়েশিয়া ও চীন সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সফরে জনশক্তি রপ্তানি, বাণিজ্য, করিডোর স্থাপনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কয়েকটি দেশ সফরের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালেও জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার আগে আপাতত অন্য কোনো দেশ সফরের পরিকল্পনা নেই তার।

