বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

সংবিধানের সংশোধনী জনপ্রত্যাশা পুরণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমেদ বলেছেন, প্রস্তাবিত সংবিধান সংশোধনের মাধ্যমে জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। এর ফলে রাষ্ট্র কাঠামো আরও গণতান্ত্রিক ও জনমুখী রূপ পাবে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংবিধান সংশোধন কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ জানান, সংবিধান সংশোধনসংক্রান্ত ৪৮টি বিষয়ের মধ্যে বেশ কয়েকটিতে সংশ্লিষ্টদের মধ্যে ঐকমত্য হয়েছে। যেসব বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে, সেগুলো সংশোধনী প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হবে। আর যেসব বিষয়ে ভিন্নমত বা নোট অব ডিসেন্ট রয়েছে, সেগুলোও গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হবে।

তিনি বলেন, বিরোধী জোট সংশোধন কমিটিতে অংশ না নিলেও সংবিধান সংস্কারের বিষয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে কমিটি। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য ও কার্যকর সংশোধনী প্রণয়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে আন্তরিক। সংবিধান সংশোধনের আগে বিচারক, আইনজীবী, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হবে।

এদিকে, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, পুরো সংবিধান পর্যালোচনা করে জুলাই সনদ এবং সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে প্রয়োজনীয় সংশোধন আনা হবে।

তিনি জানান, রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করা এবং জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে সংবিধানকে আরও কার্যকর ও সময়োপযোগী করাই সংশোধন প্রক্রিয়ার মূল লক্ষ্য।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন