বাংলাদেশসহ চার দেশের ওমরাহযাত্রীদের জন্য নতুন নিয়ম চালু করতে যাচ্ছে সৌদি আরব। নতুন ব্যবস্থায় ওমরাহ ভিসা পেতে হলে প্রতিদিনের খাবারের জন্য বাধ্যতামূলকভাবে ‘নুসুক’ (Nusuk) ফুড ভাউচার কিনতে হবে। নির্ধারিত ফুড ভাউচার ছাড়া ওমরাহ ভিসা অনুমোদন দেওয়া হবে না বলে জানা গেছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, রবিউল আউয়াল মাসের প্রথম দিন থেকে বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও মিশরের ওমরাহযাত্রীদের ক্ষেত্রে নতুন এই নিয়ম কার্যকর হতে পারে।
নতুন নীতিমালা অনুযায়ী, প্রতিদিনের খাবারের জন্য প্রায় ২০ সৌদি রিয়াল মূল্যের একটি ফুড ভাউচার ভিসা আবেদনের সঙ্গে যুক্ত থাকবে। এই অর্থ ওমরাহ ভিসার মোট ফি বা প্যাকেজ খরচের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।
সৌদি আরব ওমরাহ ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও সমন্বিত করতে হোটেল বুকিং, পরিবহন ও খাবারসহ বিভিন্ন সেবা একক ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনছে। এ উদ্যোগের অংশ হিসেবে মক্কা ও মদিনার প্রায় ১০ হাজার রেস্তোরাঁকে নুসুক অ্যাপের সঙ্গে যুক্ত করা হয়েছে।
প্রতিটি ওমরাহযাত্রীর ভিসার সঙ্গে একটি আলাদা ডিজিটাল কোড থাকবে। ওই কোড ব্যবহার করে নির্ধারিত ও অনুমোদিত রেস্তোরাঁ কিংবা খাবারের দোকান থেকে খাবার সংগ্রহ করা যাবে।
সৌদি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এই উদ্যোগের মাধ্যমে ওমরাহযাত্রীদের জন্য মানসম্মত ও সুশৃঙ্খল খাবার সরবরাহ নিশ্চিত করা হবে। পাশাপাশি অনিবন্ধিত সেবাদাতাদের কার্যক্রম নিয়ন্ত্রণ এবং ওমরাহ সেবাকে আরও স্বচ্ছ ও কার্যকর করার লক্ষ্য রয়েছে।
তবে বাধ্যতামূলক ফুড ভাউচার যুক্ত হওয়ায় ওমরাহ প্যাকেজের মোট ব্যয় কিছুটা বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নতুন নিয়ম কার্যকর হলে বাংলাদেশসহ চার দেশের ট্রাভেল এজেন্সিগুলোকে ওমরাহ প্যাকেজের মূল্য ও সেবার কাঠামো পুনর্নির্ধারণ করতে হতে পারে।

