টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলীকে আবারও একসঙ্গে দেখে উচ্ছ্বসিত ভক্তরা। ‘ধুমকেতু’ ছবির ট্রেলার প্রকাশের এক বছর পূর্তি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক রোমান্টিক ছবি শেয়ার করে অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দুই তারকা।
২০১৫ সালে নির্মিত হলেও নানা জটিলতায় দীর্ঘ সময় আটকে ছিল দেব-শুভশ্রী অভিনীত ‘ধুমকেতু’। দীর্ঘ প্রতীক্ষার পর গত বছর কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ছবিটির ট্রেলার প্রকাশ করা হয়। নাচ, গান ও তারকাদের আড্ডায় মুখর সেই আয়োজনকে বাংলা সিনেমার অন্যতম বড় অনুষ্ঠান হিসেবে দেখেছিলেন ভক্তরা।
সেই স্মরণীয় দিনের এক বছর পূর্তিতে শুভশ্রীর সঙ্গে রোমান্টিক মুহূর্তের কয়েকটি ছবি প্রকাশ করেন দেব। পোস্টে তিনি লেখেন, এক বছর আগে বাংলা সিনেমা একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছিল। ‘ধুমকেতু’র ট্রেলার উন্মোচন শুধু একটি আয়োজন ছিল না, বরং বাংলা সিনেমার ইতিহাসে বড় এক ঘটনা ছিল।
অনুষ্ঠানটি সফল করতে যারা সহযোগিতা করেছিলেন এবং পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান দেব। একই সঙ্গে ‘দেসু’ জুটির প্রতি ভক্তদের দীর্ঘদিনের ভালোবাসা ও সমর্থনের জন্যও ধন্যবাদ জানান তিনি।
দেব আরও বলেন, ভালোবাসা ও বিশ্বাস নিয়ে ভক্তরা যেন এভাবেই পাশে থাকেন। তাদের আস্থা কখনো ভাঙতে দেবেন না এবং ভবিষ্যতেও দর্শকদের নিরাশ করবেন না বলেও প্রতিশ্রুতি দেন এই অভিনেতা।
দেবের সেই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন শুভশ্রীও। ফলে পুরোনো এই জনপ্রিয় জুটিকে ঘিরে নতুন করে উচ্ছ্বাস তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।
এদিকে, শুধু স্মৃতিচারণেই নয়, ভক্তদের জন্য নতুন সুখবরও রয়েছে। ‘ধুমকেতু’র পর ‘দেসু ৭’ নামের নতুন একটি প্রজেক্টে আবারও একসঙ্গে দেখা যাবে দেব ও শুভশ্রীকে। ছবিটিতে অভিনয়ের পাশাপাশি পরিচালকের দায়িত্বও পালন করবেন দেব।
নতুন এই সিনেমার গল্পে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন অনির্বাণ ভট্টাচার্য। ইতোমধ্যে ছবিটির দৃশ্যধারণের কাজ পুরোদমে শুরু হয়েছে বলে জানা গেছে।

