দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) একটি অনলাইন গণমাধ্যমকে মোবাইল ফোনে দেওয়া বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘ঘটনাগুলো সম্পর্কে আমরা অবগত। পড়ালেখা বাদ দিয়ে যারা এসব ঘটনায় জড়াচ্ছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে নির্দেশনা রয়েছে। শিক্ষাঙ্গনে কোনো ধরনের সন্ত্রাস বরদাশত করা হবে না। কেউ উসকানি দিলে তাকেও শাস্তির আওতায় আনা হবে।’
গত তিন দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ অন্তত পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
অভিযোগ রয়েছে, সংঘর্ষের সময় বিভিন্ন ক্যাম্পাসে লাঠিসোঁটা, রড ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়া ও শক্তি প্রদর্শন করেছেন সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতাকর্মীরা। এসব ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে এবং কয়েকটি ক্যাম্পাসে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘর্ষের ঘটনার রেশ দ্রুত অন্য ক্যাম্পাসেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আরও বড় ধরনের সহিংসতা বা রক্তক্ষয়ী সংঘর্ষের ঝুঁকি তৈরি হতে পারে বলেও মনে করছেন তারা।

