রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫

নিউজ ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত চার থেকে পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে সরকারি তোলারাম কলেজে এ ঘটনার সূত্রপাত হয়। পরে সংঘর্ষ কলেজ রোড ও চাষাঢ়া এলাকায় ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী সাধারণ শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি তোলারাম কলেজের অডিটোরিয়ামে একটি আলোচনা সভা চলছিল। অনুষ্ঠানে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা বক্তব্য দেন।

এ সময় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে উভয় পক্ষের নেতাকর্মীরা কলেজ প্রাঙ্গণ থেকে বেরিয়ে কলেজ রোড ও চাষাঢ়া এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের কয়েকজনের হাতে লাঠিসোঁটা, বাঁশ ও লোহার পাইপ দেখা যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচলেও বিঘ্ন ঘটে।

খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) বিপুলসংখ্যক সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে পুলিশ উভয় পক্ষকে সরিয়ে দিয়ে সংঘর্ষ থামায়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সংঘর্ষে চার থেকে পাঁচজন আহত হয়েছেন। তবে তাদের কারও আঘাত গুরুতর নয়।

তিনি আরও বলেন, প্রায় দেড় ঘণ্টা ধরে উভয় পক্ষ চাষাঢ়ার কলেজ রোড এলাকায় মুখোমুখি অবস্থান করছিল। পরে পুলিশ তাদের সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন