কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে আলোচনা এগোচ্ছে এবং খুব শিগগিরই একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
স্থানীয় সময় মঙ্গলবার (৪ আগস্ট) ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও এসব কথা বলেন। খবর আনাদোলু এজেন্সির।
রুবিও বলেন, ‘আলোচনায় অগ্রগতি হয়েছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা আশা করছি, খুব শিগগিরই একটি সমঝোতায় পৌঁছানো যাবে।’
তিনি জানান, বর্তমানে কিছু বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে। তবে আরও বেশি জাহাজ যাতে নিরাপদে ও নির্বিঘ্নে যাতায়াত করতে পারে, সে লক্ষ্যেই ওমানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমানেও হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন হচ্ছে। অর্থাৎ প্রণালিটি পুরোপুরি বন্ধ নয়।’
হরমুজ প্রণালির পাশাপাশি বাব আল-মান্দেব প্রণালির নিরাপত্তা পরিস্থিতির কথাও উল্লেখ করেন রুবিও। ইয়েমেনের হুথি গোষ্ঠী সৌদি আরবের বন্দরসংশ্লিষ্ট জাহাজে হামলার হুমকি দেওয়ার পর গুরুত্বপূর্ণ এই নৌপথ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
বাব আল-মান্দেব প্রণালি ইয়েমেন ও আফ্রিকার হর্ন অঞ্চলের মাঝামাঝি এলাকায় অবস্থিত। এটি এডেন উপসাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করেছে। সুয়েজ খাল হয়ে এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের মধ্যে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ।
এর আগে মঙ্গলবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছিলেন, হরমুজ প্রণালি নিয়ে ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। তার আশা, মঙ্গলবার অথবা বুধবারের মধ্যেই এ বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হতে পারে।
রুবিও বলেন, হরমুজ প্রণালি নিয়ে সম্ভাব্য চুক্তি বর্তমানে বেশি আলোচনায় থাকলেও যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হলো ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি দীর্ঘমেয়াদি ও চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো।
এদিকে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ নৌযান চলাচল পুনরায় স্বাভাবিক করতে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতাকারীরা একটি খসড়া নথি তৈরির কাজ করছেন বলে জানা গেছে।
পাকিস্তানের একটি সরকারি সূত্র জানিয়েছে, এ বিষয়ে যুক্তরাষ্ট্র, ইরান এবং অন্যান্য আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ আরও জোরদার করা হয়েছে।
হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হওয়ায় এর নিরাপত্তা ও স্বাভাবিক নৌযান চলাচল নিশ্চিত করতে সম্ভাব্য সমঝোতার দিকে নজর রাখছে বিশ্ববাজার।

