বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

দীর্ঘমেয়াদি সংবিধান সংশোধন চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

সংবিধানে এমন দীর্ঘমেয়াদি সংশোধন আনতে চায় সরকার, যাতে ভবিষ্যতে বারবার একই ধরনের রাজনৈতিক ও সাংবিধানিক জটিলতার সৃষ্টি না হয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংবিধানের প্রতিটি সংশোধনই একেকটি সংস্কার।’

সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, সরকার এমন পরিবর্তন আনতে চায়, যা দীর্ঘমেয়াদে কার্যকর ও টেকসই হবে। ভবিষ্যতে যাতে বারবার একই ধরনের জটিলতা তৈরি না হয়, সে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘জুলাই বারবার আসে না।’ তাই জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও জনগণের প্রত্যাশাকে সামনে রেখে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার বাস্তবায়ন করতে চায় সরকার।

জুলাই আন্দোলনের কৃতিত্ব নেওয়া নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে প্রতিযোগিতা চলছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে বিএনপি কৃতিত্বের প্রতিযোগিতায় নয়; বরং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রতিযোগিতায় রয়েছে বলে দাবি করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে পর্যায়ক্রমে প্রয়োজনীয় সংস্কার ও কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দলটি নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে ঐক্য রয়েছে।

তিনি বলেন, ‘সংসদের ভেতরে-বাইরে আমরা বিতর্ক করব, মতবিনিময় করব। তবে আওয়ামী লীগ যেন আর ফিরে আসতে না পারে—এই প্রশ্নে আমরা সবাই এক।’

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নের মাধ্যমে একটি টেকসই, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন