২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যাওয়া আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে দেশে ফেরার আহ্বান জানিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেছেন, ‘আমরা অপেক্ষা করে আছি। আসেন দেশে। দেশে আসেন, দেখা হবে—ইনশাআল্লাহ রাজপথে।’
বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের রক্ষণাবেক্ষণ এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করাকে বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে উল্লেখ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।
তিনি বলেন, ‘বাংলাদেশের এই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো জুলাইয়ে যারা আত্মাহুতি দিয়েছেন, তাদের পরিবারের রক্ষণাবেক্ষণ করা। এটাই সবচেয়ে পবিত্র দায়িত্ব। যারা আহত হয়েছেন, চোখের দৃষ্টি হারিয়েছেন কিংবা অঙ্গ হারিয়েছেন, তাদের সুস্থ করে তোলা সরকারের পবিত্র দায়িত্ব।’
অনুষ্ঠানে উপস্থিতদের উদ্দেশে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আমরা আপনাদের নির্বাচিত সরকার। আমাদের ভুল হলে আপনারা তা শুধরে দেবেন। আমরা আর আওয়ামী লীগ হতে পারব না, হতেও চাই না।’
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, দলটির নেতাদের মধ্যে নিজেদের কর্মকাণ্ড নিয়ে কোনো অনুশোচনা বা লজ্জাবোধ নেই। খুন, গুম, অর্থপাচার, নির্যাতন ও আয়নাঘরসহ বিভিন্ন অভিযোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এত কিছুর পরও তারা দেশে ফেরার কথা বলছেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, ‘আওয়ামী লীগে দেখেন, তাদের কোনো অনুশোচনা নেই। এত অন্যায়, অবিচার, খুন, গুম, মানি লন্ডারিং, হত্যা, নির্যাতন, আয়নাঘর—এসব নিয়ে তাদের কোনো লজ্জাবোধ নেই। আবার বলে, ডিসেম্বরে আসবেন, দেশে এসে পদার্পণ করবেন।’
নিজের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘২৭ বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি। এখন ৮২ বছর বয়সে বাংলাদেশের জন্য আরেকটা করব। বাংলাদেশের জনগণের শাসন ও গণতন্ত্র চিরস্থায়ী করে যাব আমরা।’
তিনি আরও বলেন, ‘এই দেশের জন্য রক্ত দিয়েছি। ১৯৭১ সালে যুদ্ধে আহত হয়েছিলাম। এ ধরনের বাংলাদেশ দেখার জন্য আমরা যুদ্ধ করিনি।’

