রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

শেখ হাসিনাকে ফেরানোর অভিযোগে রাবির ৪২ শিক্ষক তদন্তের আওতায়

নিউজ ডেস্ক

একটি গণমাধ্যমে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৪২ জন শিক্ষকের নাম উঠে আসার পর অভিযোগের সত্যতা যাচাইয়ে পাঁচ সদস্যের ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযোগগুলোর প্রকৃত অবস্থা যাচাই এবং প্রয়োজনীয় সুপারিশ দিতে একজন সিন্ডিকেট সদস্যের নেতৃত্বে এই অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, কমিটির আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. রেজাউল করিম-২কে। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী পদক্ষেপ নেবে।

রেজিস্ট্রার আরও বলেন, সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতিবেদনে কয়েকজন শিক্ষকের নাম আংশিকভাবে কিংবা ডাকনামে উল্লেখ করা হয়েছে। ফলে প্রকৃত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করাও তদন্ত কমিটির অন্যতম দায়িত্ব হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। প্রতিবেদনে পূর্ণ নামের পরিবর্তে আংশিক নাম ও ডাকনাম ব্যবহারের কারণে বিভ্রান্তির সুযোগ রয়েছে। তাই প্রকৃত তথ্য যাচাই ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঠিকভাবে শনাক্ত করতে পাঁচ সদস্যের ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও জানান, তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন