নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের তফসিলের বিস্তারিত তুলে ধরেন।
তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৩ আগস্ট। জমা পড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ১৬ আগস্ট এবং ১৮ আগস্ট পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে।
নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা সংগ্রহ করেছে নির্বাচন কমিশন। কমিশনের অনুরোধের পর সংসদ সচিবালয় এ তালিকা সরবরাহ করে।
এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।
এ লক্ষ্যে গত ২৬ জুলাই জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। ওই বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভোটার তালিকা সরবরাহের বিষয়ে আলোচনা হয় এবং পরবর্তী সময়ে সংসদ সচিবালয় কমিশনের কাছে তালিকাটি হস্তান্তর করে।

