বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন

নিউজ ডেস্ক

১১ দলীয় ঐক্যের ঘোষিত ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সচিবালয়ের সব প্রবেশদ্বার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শেষে বেলা পৌনে ১টার দিকে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশে অগ্রসর হন। জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের অগ্রযাত্রা থামিয়ে দেয়।

সচিবালয়ের প্রবেশপথগুলো বন্ধ থাকায় বিভিন্ন সরকারি কাজে সেখানে আসা সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে দেখা যায়। প্রয়োজনীয় কাজের জন্য আসা অনেকেই বাইরে অপেক্ষা করেন এবং বিভিন্ন গেটের সামনে জটলা তৈরি হয়।

এর আগে জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের উচ্চ বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃষ্টির মধ্যেই মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করে ১১ দলীয় ঐক্য। সকাল ১১টার পর শুরু হওয়া এ কর্মসূচিতে জোটের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

সমাবেশে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ এবং জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন