রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন ড. জাফর ইকবাল

নিউজ ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে তদন্ত সংস্থা।

বৃহস্পতিবার প্রসিকিউটর গাজী এম এইচ তামীম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

তদন্ত প্রতিবেদনে যাদের বিরুদ্ধে অভিযোগ আনার সুপারিশ করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, সাবেক বিচারপতি এ বি এম নিজামুল হক মানিক, শিক্ষক কে এম জামাল উদ্দিন এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ মোট আটজন।

প্রসিকিউশন সূত্র জানায়, ঘটনাটি নিয়ে দীর্ঘ তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন জমা দিয়েছেন। বর্তমানে প্রতিবেদনটি পর্যালোচনার কাজ চলছে। পরবর্তী ধাপে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) প্রস্তুত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

এর আগে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামও জানিয়েছিলেন, তদন্ত প্রতিবেদনের আইনগত যাচাই-বাছাই শেষে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করা হবে।

এদিকে, জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট আরেক মামলার শুনানিতে এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক উপাচার্য অধ্যাপক মাকসুদ কামালের একটি কথোপকথনের অডিও ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছিল। প্রসিকিউশনের দাবি, ওই কথোপকথনে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিষয়ে বিভিন্ন মন্তব্য উঠে এসেছে।

উল্লেখ্য, তদন্ত প্রতিবেদন জমা দেওয়া মানেই অভিযোগ প্রমাণিত হওয়া নয়। অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত হবে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল, শুনানি এবং বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন