হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম সজলকে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে উপজেলা জামায়াত।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে চুনারুঘাট উপজেলা জামায়াতের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
স্থানীয় সূত্রের দাবি, গত ৪ আগস্ট রাতে গাজীপুর ইউনিয়নের গজারিপাড়া এলাকায় এক গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় নুরুল ইসলাম সজলকে আটক করেন ওই নারীর স্বামী। পরে ঘটনাটি স্থানীয়ভাবে জানাজানি হলে বিষয়টি নিয়ে দলীয় পর্যায়ে অনুসন্ধান শুরু হয়।
উপজেলা জামায়াতের ভাষ্য অনুযায়ী, অভিযোগের বিষয়ে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ার পর দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার স্বার্থে নুরুল ইসলাম সজলকে ইউনিয়ন সভাপতির পদসহ সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
চুনারুঘাট উপজেলা জামায়াতের আমির মো. ইদ্রিস আলী বলেন, স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা ও অভিযোগ পর্যালোচনার পর সজলকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, গাজীপুর ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মাওলানা মো. আব্দুল মতিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তবে এ ঘটনায় নুরুল ইসলাম সজলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তার প্রতিক্রিয়া জানা গেলে তা প্রকাশ করা হবে।

