বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

‘ভারত কেন শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিল’: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য দেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালের আগস্টে ভারতে অবস্থান নেওয়ার পর এটিই ছিল তার প্রথম প্রকাশ্য সংবাদ সম্মেলনভিত্তিক বক্তব্য। এ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের পাশাপাশি সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের মধ্যেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এক সাক্ষাৎকারে প্রশ্ন তুলে বলেন, শেখ হাসিনাকে ভারত সরকার গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ কেন দিয়েছে, সেটিই বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন।

তিনি বলেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। তবে আশ্রয়ে থাকার সময় বাংলাদেশ-সংক্রান্ত রাজনৈতিক বক্তব্য ও কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদের ভাষ্য, বাংলাদেশের আদালতে মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তিকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার বিষয়টি ব্যাখ্যার দাবি রাখে।

মঙ্গলবার (৫ আগস্ট) নয়াদিল্লিতে দক্ষিণ এশিয়া ফরেন করেসপন্ডেন্টস ক্লাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে অডিও কলে যুক্ত হয়ে শেখ হাসিনা বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। সংবাদ সম্মেলনের আগে বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে উদ্বেগ জানিয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

আওয়ামী লীগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনের ঘটনায় দলটির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত চলছে এবং বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারাধীন। আদালতের সিদ্ধান্তের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করার পক্ষে নয়। এ বিষয়ে আদালত যে সিদ্ধান্ত দেবেন, সরকার সেই অনুযায়ী ব্যবস্থা নেবে বলেও তিনি মন্তব্য করেন।

এ ছাড়া আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাই আন্দোলনসহ বিভিন্ন সময়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে তিনি বলেন, এসব অভিযোগের বিচার আইনি প্রক্রিয়ার মাধ্যমেই হওয়া উচিত এবং এ বিষয়ে শেষ পর্যন্ত জনগণও তাদের মূল্যায়ন করবে।

তথ্যসূত্র: বিবিসি বাংলা

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন