ইয়েমেনের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের পৃথক হামলায় সরকারি বাহিনীর অন্তত ৩০ সদস্য নিহত হয়েছেন বলে দেশটির সরকারি কর্মকর্তারা দাবি করেছেন। এ ঘটনায় আরও অর্ধশতাধিক সেনা আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।
বৃহস্পতিবার মার্কিন সংবাদ সংস্থা এপি সরকারি কর্মকর্তাদের বরাতে এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, মারিব ও হাদরামাউত প্রদেশে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের কয়েকটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন সরকারি কর্মকর্তা হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।
ইয়েমেনের সেনাবাহিনীও হামলার ঘটনা নিশ্চিত করেছে। তবে নিহত ও আহতের সুনির্দিষ্ট সংখ্যা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।
অন্যদিকে, হামলার বিষয়ে হুথি গোষ্ঠীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বিস্তারিত মন্তব্য পাওয়া যায়নি। তবে গোষ্ঠীটি সংক্ষিপ্ত এক বিবৃতিতে জানিয়েছে, তারা শিগগিরই একটি বড় সামরিক অভিযান সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।
বিশ্লেষকদের মতে, ২০২২ সালের এপ্রিলে কার্যকর হওয়া অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির পর এটি সবচেয়ে বড় সংঘর্ষগুলোর একটি। ওই যুদ্ধবিরতির মাধ্যমে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দেওয়া সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে বড় ধরনের লড়াই অনেকটাই কমে এসেছিল।
উল্লেখ্য, ২০১৪ সালে হুথি বিদ্রোহীরা রাজধানী সানা নিয়ন্ত্রণে নেওয়ার পর ইয়েমেনে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ শুরু হয়। পরের বছর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট যুদ্ধে অংশ নেয়। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে চলা এই সংঘাত মধ্যপ্রাচ্যের অন্যতম জটিল মানবিক সংকটে পরিণত হয়েছে।

