বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

মুক্তিযুদ্ধের কৃতিত্ব কোনো একক দলের নয়, জনগণের: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না, এটি ছিল সর্বস্তরের মানুষের যুদ্ধ—এমন মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

শুক্রবার (৭ আগস্ট) রাতে রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে দ্বিতীয় বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্সের ৫৪তম কমিশনিং ডে ও ফেলোশিপ ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, ১৯৭১ সালের পর ক্ষমতাসীনরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস মানুষের সামনে তুলে ধরতে চায়নি। তৎকালীন রাজনৈতিক নেতারা মুক্তিযুদ্ধকে রাজনৈতিকভাবে সমাধান করার চেষ্টা করেছিলেন বলেও মন্তব্য করেন তিনি।

হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, মুক্তিযুদ্ধকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না করে এর প্রকৃত ইতিহাস ও জনগণের অবদান যথাযথভাবে তুলে ধরা প্রয়োজন। মুক্তিযুদ্ধ ছিল দেশের মানুষের সম্মিলিত সংগ্রাম।

দেশ পরিচালনায় ভুল হলে তা সংশোধনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার ভুল করলে সংশোধন করতে হবে। তবে কোনো অবস্থাতেই গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করা যাবে না।

রাজনীতিবিদদের আরও অনেক কিছু শেখার আছে মন্তব্য করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, নানা প্রতিকূলতা পেরিয়ে জাতি আবার ঘুরে দাঁড়িয়েছে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ভবিষ্যতে যেন দেশে আর কোনো স্বৈরশাসকের সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পাশাপাশি দেশের মানুষের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন