বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে

নিউজ ডেস্ক

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যার্তদের সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমুদ্র বাংলাদেশের জনগণের বড় সম্পদ। সমুদ্র উপকূলীয় এলাকায় শিল্প-কারখানা গড়ে তুলে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

রোববার (৯ আগস্ট) বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে সহায়তা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সমুদ্রঘেঁষা এলাকায় পরিকল্পিতভাবে কল-কারখানা স্থাপন করা হলে স্থানীয়ভাবে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে বেকারত্ব কমানোর পাশাপাশি এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডও বাড়বে।

লবণ চাষিদের প্রসঙ্গে তারেক রহমান বলেন, তাদের স্বার্থ রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। শিগগিরই লবণের মূল্য নির্ধারণের ঘোষণা দেওয়া হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে স্থানীয় জনগণের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কেউ যেন বিভ্রান্তি ছড়ানোর সুযোগ না পায়।

পরে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে বিভিন্ন ধরনের ত্রাণসামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী।

মহেশখালী থেকে বাঁশখালী

এর আগে দিনের শুরুতে কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

মহেশখালীর কর্মসূচি শেষে হেলিকপ্টারে করে চট্টগ্রামের বাঁশখালীতে পৌঁছান তিনি। দিনব্যাপী সফরে বন্যা পুনর্বাসনের পাশাপাশি স্থানীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

ফটিকছড়ি ও হাটহাজারীতে কর্মসূচি

সফরসূচি অনুযায়ী, দুপুর ২টার দিকে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

এরপর সোয়া ৩টার দিকে হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় যাবেন প্রধানমন্ত্রী এবং সেখানে আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন।

বিকেল পৌনে ৪টার দিকে হাটহাজারী ডাকবাংলোয় যাত্রাবিরতি করবেন তিনি। পরে বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা প্রদান অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।

দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যা সোয়া ৭টার দিকে চট্টগ্রামের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলের মিলনায়তনে সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এর আগে চট্টগ্রাম ও কক্সবাজার সফর করলেও মহেশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে এবারই প্রথম সফর করছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন