যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে বাংলাদেশের অর্থনীতিতে প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, এই ক্ষতি কাটিয়ে দেশের অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কিছুটা সময় প্রয়োজন হবে।
রোববার (৯ আগস্ট) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, যুদ্ধের প্রভাব বাংলাদেশের অর্থনীতিতেও পড়েছে। এতে দেশের প্রায় ৪ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। ফলে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়ায় সময় লাগবে।
দ্রুত সংকট সমাধানের দাবি নিয়ে বিরোধীদের সমালোচনা
বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, তারা এখনো আগের মতো ‘হাসিনার ভাষায়’ কথা বলছে। দেশের সব সংকট তাৎক্ষণিকভাবে সমাধান করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
গ্যাস সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। সংকট মোকাবিলায় সরকারকে কিছুটা সময় দেওয়ার জন্য তিনি আহ্বান জানান।
জুলাই আন্দোলন নিয়ে বক্তব্য
২০২৪ সালের জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, ওই সময় হাজারো ছাত্র-জনতা এবং নারী-শিশুকে হত্যা করা হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, গত ১৭ বছরে দেশে লাখ লাখ মামলা, গুম এবং হাজার হাজার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত মুসফিকুল ফজল আনসারী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, জেলা পরিষদের প্রশাসক, রংপুরের জেলা প্রশাসকসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

