বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

দেশের মানুষের কাছে দেয়া জবান রক্ষা করতে চাই: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

মানুষের কল্যাণ ও ভালো থাকা নিশ্চিত হয়—এমন কাজকেই অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দেশের সব ধর্মের মানুষ স্বাধীনভাবে বসবাস করবে। একই সঙ্গে ইসলামকে ইসলামের নিজস্ব বৈশিষ্ট্য ও মূল্যবোধের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে।

তিনি আরও বলেন, যারা অতীতে দেশকে ভিন্ন পথে পরিচালিত করতে চেয়েছিল, তারা গত কয়েকদিন ধরে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের কাছে যে অঙ্গীকার করা হয়েছে, তা বাস্তবায়নে সরকার কাজ করবে। মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের কাজের মূল লক্ষ্য হওয়া উচিত বলেও তিনি উল্লেখ করেন।

হাটহাজারীতে শাহ আহমদ শফীর কবর জিয়ারত

ফটিকছড়িতে হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী হাটহাজারী উপজেলায় যাওয়ার কথা রয়েছে।

সেখানে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসায় হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন তারেক রহমান।

এর আগে দিনের শুরুতে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

পরে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন সহায়তা প্রদান অনুষ্ঠানে অংশ নেন তিনি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন