সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

ইসরায়েলি হামলায় আরও বাড়ল গাজায় নিহতের সংখ্যা

নিউজ ডেস্ক

গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও আটজন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আগের একটি ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত বছর ঘোষিত যুদ্ধবিরতির পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ১ হাজার ২৫৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ হাজার ১৩৯ জন।

এদিকে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর এখন পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৭৩ হাজার ৩৮৬ জনে। একই সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ২৫০ জন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার বিভিন্ন এলাকায় ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন। ফলে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়েও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দীর্ঘদিনের সংঘাত ও ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে গাজায় হতাহতের পাশাপাশি মানবিক সংকটও অব্যাহত রয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন