আর্থিক খাতে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে চারটি আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে রেজল্যুশনের আওতায় এনে প্রশাসক নিয়োগের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকীও বিষয়টি নিশ্চিত করেছেন।
অকার্যকর ঘোষিত প্রতিষ্ঠানগুলো হলো—আভিভা ফাইন্যান্স লিমিটেড, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর আওতায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা, ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা এবং আমানতকারী ও অন্যান্য পাওনাদারের দায় পরিশোধের সক্ষমতা পর্যালোচনা করে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নেয়।
কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, বড় অঙ্কের মূলধন ঘাটতি, উচ্চমাত্রার শ্রেণিকৃত ঋণ ও বিনিয়োগ, প্রয়োজনীয় তারল্য সংরক্ষণে ব্যর্থতা, আয় করার সক্ষমতা কমে যাওয়া এবং আমানতকারী ও পাওনাদারদের দায় পরিশোধে অক্ষমতা—এসব বিষয় প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর ঘোষণার ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে।
রেজল্যুশন প্রক্রিয়া পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশাসক ও সহযোগী প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা প্রতিষ্ঠানগুলোর প্রশাসন, ব্যবস্থাপনা এবং রেজল্যুশন-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করবেন।
বাংলাদেশ ব্যাংক বলছে, এ উদ্যোগের প্রধান লক্ষ্য আর্থিক খাতে শৃঙ্খলা ও সুশাসন ফিরিয়ে আনা, সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনা এবং আমানতকারী ও অন্যান্য পাওনাদারের স্বার্থ সুরক্ষা করা।
কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যাশা, দুর্বল আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপের মাধ্যমে আর্থিক খাতের প্রতি সাধারণ মানুষের আস্থা পুনঃপ্রতিষ্ঠা হবে।

