সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

সৌদি আরবে ভয়াবহ আগুন, প্রাণ গেল ১৭ বাংলাদেশির

নিউজ ডেস্ক

সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের সবাই বাংলাদেশি বলে জানা গেছে। তাদের মধ্যে ১২ জন নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের এবং পাঁচজন নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

রোববার (৯ আগস্ট) রাতে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম সৌদি আরবে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে কয়েকজন বাংলাদেশি নিহত হওয়ার তথ্য পাওয়ার কথা নিশ্চিত করেন। তবে নওগাঁ বা অন্য জেলার কতজন নিহত হয়েছেন, সে বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাননি বলে জানান।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত ১৭ বাংলাদেশির মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার গন্ডগোহালি, ডুবাই, বৈঠাখালি, খনজোর, পারকসুন্দা ও দিঘিরপাড় এলাকার ১২ জন রয়েছেন। অপরদিকে নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামের পাঁচজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

সৌদি আরবে একই কারখানায় কর্মরত এবং বর্তমানে ছুটিতে থাকা আত্রাই উপজেলার মহোনঘোষ গ্রামের জহরুল ইসলাম স্থানীয়দের বরাতে নিহতদের পরিচয় সম্পর্কে তথ্য জানিয়েছেন।

তার দেওয়া তথ্যে জানা যায়, নিহতদের মধ্যে আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালি গ্রামের গুফফার প্রামানিক এবং তার দুই ছেলে মহুন প্রামানিক ও সুমন প্রামানিক রয়েছেন। এছাড়া জাননার ছেলে রুবেল হোসেন ও ফজলুর ছেলে কলি প্রামানিকের নামও রয়েছে।

সাহাগোলা ইউনিয়নের উদনপৈ গ্রামের ময়েন শেখের ছেলে ফরিদ শেখ, বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের মৃত বাদলের ছেলে সুমন, চঞ্চলের ছেলে হাসিবুল হাসান শুভ ও মৃত রুহুলের ছেলে সুমনের নামও নিহতদের তালিকায় রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। পাচুপুর ইউনিয়নের পারকসুন্দা গ্রামের জলিলের নামও রয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে নিহতদের পূর্ণাঙ্গ পরিচয় বা দুর্ঘটনার বিস্তারিত কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সৌদি আরবে সোফা কারখানায় আগুনের ঘটনায় বেশ কয়েকজন বাংলাদেশি নিহত হওয়ার খবর তিনি পেয়েছেন। তবে নওগাঁ কিংবা দেশের অন্য জেলার কতজন এ ঘটনায় নিহত হয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন