সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি ছাড়াই যুদ্ধ থামাতে চান ট্রাম্প

নিউজ ডেস্ক

ইরান তাদের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিলে পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই পশ্চিম এশিয়ার চলমান সংঘাত শেষ করতে প্রস্তুত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৯ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাতে বলা হয়, আন্তর্জাতিক জ্বালানি ও বাণিজ্য পরিবহণের গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় উন্মুক্ত হলে সংঘাতের সমাপ্তি টেনে নিজেদের ‘বিজয়ী’ ঘোষণা করার পরিকল্পনা করেছিলেন ট্রাম্প। ঘনিষ্ঠ ও জ্যেষ্ঠ সহযোগীদের কাছেও তিনি আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই সমঝোতায় পৌঁছানোর আগ্রহের কথা জানিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে তেহরানের নতুন কিছু শর্তে পরিস্থিতি ফের জটিল হয়ে উঠেছে। শনিবার (৮ আগস্ট) হরমুজ প্রণালি দিয়ে অবাধ নৌ-চলাচলের অনুমতির বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছে শত শত কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। পাশাপাশি অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং ইরানের ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ একযোগে প্রত্যাহারের শর্তও দিয়েছে দেশটি।

সংঘাত নিরসনে আলোচনা শুরুর পর হোয়াইট হাউস ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধকে অন্যতম প্রধান শর্ত হিসেবে বিবেচনা করছিল। তবে আলোচনার গতি বাড়াতে ট্রাম্প পরে সেই শর্ত শিথিল করার চেষ্টা করেন। শেষ পর্যন্ত পারমাণবিক ইস্যুটিই আলোচনার বড় বাধা হয়ে দাঁড়ায়।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কা দেখিয়ে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে অচলাবস্থা তৈরি করে ইরান যে কৌশলগত চাপ সৃষ্টি করেছে, তাতে ট্রাম্পের সামনে বিকল্প পথ সংকুচিত হয়েছে।

ওয়াশিংটন সাম্প্রতিক সপ্তাহগুলোতে হরমুজ প্রণালি খোলা রয়েছে বলে দাবি করলেও বাস্তবে জলপথটির স্বাভাবিক নৌ চলাচল পুরোপুরি ফিরেনি। ট্রাম্পের সামরিক পদক্ষেপের কঠোর হুমকির পরও তেহরান অবস্থান থেকে সরে না এসে দীর্ঘস্থায়ী সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন