বাংলাদেশে বৈধভাবে বসবাসরত ভারতীয় নাগরিকের সংখ্যা ১৮ হাজার ৪৫৩ জন। এর মধ্যে ৩ হাজার ১১২ জনের ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও তারা এখনো বাংলাদেশে অবস্থান করছেন বলে জানিয়েছে পুলিশের বিশেষ শাখা (এসবি)।
এসবি সূত্রের তথ্য অনুযায়ী, ভিসার মেয়াদ শেষ হওয়া এসব ভারতীয় নাগরিকের একটি বড় অংশ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত। তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্প, বহুজাতিক কোম্পানি, বিদ্যুৎকেন্দ্র, টেলিকম ও তথ্যপ্রযুক্তি খাতসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের কর্মসংস্থান রয়েছে। কেউ কেউ প্রকৌশলী, শিক্ষক ও বেসরকারি উদ্যোক্তা হিসেবেও কাজ করছেন।
পুলিশের পক্ষ থেকে ভিসার মেয়াদ শেষ হওয়া ভারতীয় নাগরিকদের দ্রুত বৈধতা নিশ্চিত করতে বলা হয়েছে। যারা ভিসা নবায়ন করতে পারবেন না, তাদের নিজ দেশে ফিরে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
বিভিন্ন খাতে কর্মরত বিদেশি নাগরিক
সংশ্লিষ্ট সূত্রের দাবি, বাংলাদেশে বৈধভাবে বসবাসকারী নাগরিকদের বাইরে আরও অনেক ভারতীয় নাগরিক বিভিন্ন খাতে অবস্থান করছেন। তাদের কেউ পর্যটন বা ভিসা অন অ্যারাইভাল নিয়ে দেশে প্রবেশের পর মেয়াদ শেষ হলেও থেকে গেছেন বলে অভিযোগ রয়েছে।
তাদের একটি অংশ তৈরি পোশাক কারখানা, টেক্সটাইল, প্রযুক্তি, বায়িং হাউস, এনজিও ও লজিস্টিকস খাতে কাজ করছেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, কোনো বিদেশি নাগরিক বৈধ কাগজপত্র ছাড়া বাংলাদেশে কাজ করলে তা অভিবাসন ব্যবস্থাপনা ও শ্রমবাজার—দুই ক্ষেত্রেই চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তবে দক্ষ জনবলের ঘাটতি থাকায় কিছু প্রতিষ্ঠান বিদেশি কর্মীদের ওপর নির্ভরশীল হয়ে পড়ার বিষয়টিও সামনে এসেছে।
এসবির নজরদারি
পুলিশের বিশেষ শাখা জানিয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়া বিদেশি নাগরিকদের বিষয়ে সম্প্রতি সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। তাদের দ্রুত ভিসা নবায়ন অথবা দেশত্যাগের নির্দেশনা দেওয়া হচ্ছে।
এসবির একজন কর্মকর্তা জানান, গাজীপুরের একটি তৈরি পোশাক কারখানায় কর্মরত এক ভারতীয় টেক্সটাইল প্রকৌশলীর ভিসার মেয়াদ অনেক আগে শেষ হয়ে যায়। বিষয়টি শনাক্ত হওয়ার পর তাকে আইন অনুযায়ী ভিসা নবায়ন অথবা বাংলাদেশ ত্যাগের জন্য বলা হয়েছে। একই সঙ্গে ওই প্রতিষ্ঠানের মালিককেও বিষয়টি জানানো হয়েছে।
ভারতীয় নাগরিকদের পাশাপাশি অন্যান্য দেশের অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদেরও শনাক্ত করতে ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় এসবির কার্যক্রম চলছে।
প্রকল্প ও শিল্প খাতে বিদেশি কর্মী
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বাংলাদেশে চলমান কয়েকটি প্রকল্পে ভারতীয় নাগরিকরা কাজ করছেন। তাদের মধ্যে কারও ভিসার মেয়াদ শেষ হয়ে থাকলেও প্রকল্পের কাজ যাতে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত ভিসা নবায়নের উদ্যোগ নিতে বলা হচ্ছে।
ঢাকার বাইরে বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র ছাড়াও আইটি ও টেলিকম খাতেও ভিসার মেয়াদ শেষ হওয়া ভারতীয় নাগরিকদের কর্মরত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সূত্র।
এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে ভারতীয় নাগরিকদের বিনিয়োগ করা ব্যবসাপ্রতিষ্ঠানেও ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অনেকে অবস্থান করছেন বলে জানা গেছে। বারবার তাগাদা দেওয়ার পরও তাদের কেউ কেউ এখনো দেশত্যাগ করেননি।
ভিসার মেয়াদ শেষ হলে জরিমানার বিধান
বাংলাদেশে বিদেশি নাগরিকদের জন্য বিভিন্ন ধরনের ভিসার ব্যবস্থা রয়েছে। ভিসার মেয়াদ শেষ হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা দিয়ে অবস্থান বৈধ করার সুযোগ রয়েছে।
সংশ্লিষ্ট বিধান অনুযায়ী, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর প্রথম ১৫ দিন প্রতিদিন ১ হাজার টাকা করে জরিমানা দিতে হয়। ১৫ দিন পার হওয়ার পর ৯০ দিন পর্যন্ত প্রতিদিন ২ হাজার টাকা এবং ৯০ দিনের বেশি হলে প্রতিদিন ৩ হাজার টাকা করে জরিমানার বিধান রয়েছে। নির্ধারিত জরিমানা পরিশোধ করে বিদেশি নাগরিকরা দেশত্যাগ করতে পারেন।
তথ্য হালনাগাদে কাজ চলছে
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ বছরে ব্যবসা, বিনিয়োগ ও পর্যটনসহ বিভিন্ন ধরনের ভিসা নিয়ে বিপুলসংখ্যক ভারতীয় নাগরিক বাংলাদেশে এসেছেন। তাদের অনেকের তথ্য সময়মতো হালনাগাদ হয়নি বলে জানা গেছে।
কেউ বাংলাদেশে অবস্থান করেও ভিসার মেয়াদ বাড়াননি, আবার কেউ নতুন ভিসা বা পাসপোর্ট নেওয়ার পর ইমিগ্রেশন সিস্টেমে তথ্য যথাযথভাবে যুক্ত হয়নি। এসব তথ্য হালনাগাদের কাজও চলমান রয়েছে।
এসবি সূত্রের তথ্যমতে, বর্তমানে বাংলাদেশে মোট ৮৩ হাজার ৬৮২ জন বিদেশি নাগরিক বৈধভাবে বসবাস করছেন।
অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বিদেশি নাগরিকদের অবস্থান ও কর্মসংস্থানসংক্রান্ত তথ্য নিয়মিত হালনাগাদ এবং আইন প্রয়োগ আরও কার্যকর করা হলে এ ধরনের সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

