চলতি ২০২৬-২৭ অর্থবছর থেকে দেশের ৮২ হাজার ৬৫৬টি মসজিদকে রাষ্ট্রীয় মাসিক সম্মানীর কর্মসূচির আওতায় আনা হচ্ছে। এসব মসজিদে কর্মরত ইমাম, মুয়াজ্জিন ও খাদেম নির্ধারিত হারে প্রতি মাসে সম্মানী পাবেন।
সোমবার (১০ আগস্ট) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের প্রতিটি ইউনিয়ন থেকে ১৫টি করে মসজিদ এ কর্মসূচির জন্য নির্বাচন করা হবে। তবে পৌরসভা ও সিটি করপোরেশনের ক্ষেত্রে শ্রেণি ও ওয়ার্ডভেদে মসজিদ নির্বাচনের সংখ্যা নির্ধারণ করা হয়েছে।
‘ক’ শ্রেণির পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে চারটি, ‘খ’ শ্রেণির পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে তিনটি এবং ‘গ’ শ্রেণির পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে দুটি করে মসজিদ নির্বাচন করা হবে। সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ড থেকে ছয়টি মসজিদ এ সুবিধার আওতায় আসবে।
কে কত সম্মানী পাবেন
নির্বাচিত প্রতিটি মসজিদের ইমাম মাসে ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার টাকা করে রাষ্ট্রীয় সম্মানী পাবেন।
সম্মানীর অর্থ বিতরণে কোনো মধ্যস্থতাকারী রাখা হবে না। সরাসরি উপকারভোগীদের ব্যাংক হিসাবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে অর্থ পাঠানো হবে।
মোট ৮৬ হাজার ৭০৯ ধর্মীয় প্রতিষ্ঠান
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে মসজিদসহ মোট ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় মাসিক সম্মানীর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
এর মধ্যে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ ছাড়াও রয়েছে ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধবিহার এবং ৩০১টি গির্জা। এসব প্রতিষ্ঠানে কর্মরত মোট ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা এ সুবিধার আওতায় আসবেন।
চলতি অর্থবছরের বাজেটে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী বাবদ ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
ধাপে ধাপে সব ধর্মীয় প্রতিষ্ঠানকে আওতায় আনার পরিকল্পনা
সরকারের পরিকল্পনা অনুযায়ী, চলতি অর্থবছরে দেশের প্রায় এক-চতুর্থাংশ ধর্মীয় উপাসনালয়কে রাষ্ট্রীয় সম্মানীর আওতায় আনা হবে। পরবর্তী তিন অর্থবছরে ধাপে ধাপে দেশের শতভাগ ধর্মীয় প্রতিষ্ঠানকে এই কর্মসূচির আওতায় নেওয়ার পরিকল্পনা রয়েছে।
সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য মাসিক সম্মানী এবং প্রশিক্ষণভিত্তিক কল্যাণব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
গত বছর শুরু হয় পাইলট প্রকল্প
এর আগে ২০২৫-২৬ অর্থবছরে পাইলট প্রকল্পের আওতায় দেশের ৬ হাজার ১৭টি নির্বাচিত ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত ও সেবাইতসহ মোট ১৩ হাজার ৯৪৯ জনকে প্রথমবারের মতো রাষ্ট্রীয় সম্মানী দেওয়া হয়।
এবার সেই কর্মসূচির পরিধি আরও বাড়িয়ে ৮২ হাজার ৬৫৬টি মসজিদসহ মোট ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় মাসিক সম্মানীর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

