বাংলাদেশ সফরে এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং—‘র’-এর প্রধান পরাগ জৈন। চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে রোববার দুপুরে ঢাকায় পৌঁছান তিনি।
সরকারের একটি সূত্রের বরাত দিয়ে একটি গণমাধ্যম জানিয়েছে, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণেই পরাগ জৈনের এ সফর। তবে সফর নিয়ে বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
পরাগ জৈন ‘র’-এর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)-এর স্পেশাল সেক্রেটারির দায়িত্বেও রয়েছেন বলে জানা গেছে।
তার নেতৃত্বাধীন প্রতিনিধি দলে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী। রোববার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
সরকারি সূত্র জানিয়েছে, সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা ঢাকার একটি হোটেলে অবস্থান করবেন।
পরাগ জৈনের এই ঢাকা সফরকে ঘিরে কূটনৈতিক ও নিরাপত্তা মহলে আগ্রহ তৈরি হয়েছে। তবে সফরের উদ্দেশ্য, বৈঠকের সম্ভাব্য সূচি কিংবা আলোচনার বিষয়বস্তু সম্পর্কে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এর আগে বাংলাদেশ সফরের আগে ‘র’ প্রধান পরাগ জৈন চীন সফর করেছেন বলেও জানা গেছে।

