সৌদি আরবের মক্কায় অবস্থিত হলি কোরআন জাদুঘরে প্রদর্শন করা হচ্ছে ১৮শ শতকের একটি হাতে লেখা পবিত্র কোরআনের ঐতিহাসিক পাণ্ডুলিপি। মক্কার হিরা কালচারাল ডিস্ট্রিক্টে অবস্থিত জাদুঘরটিতে প্রাচীন এই পাণ্ডুলিপি দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ তৈরি করেছে।
সোমবার (৯ আগস্ট) সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)-এর বরাতে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।
ঐতিহাসিক পাণ্ডুলিপিটিতে শুধু কোরআনের আয়াতই নয়, সে সময়ের পাণ্ডুলিপি অলংকরণের নিখুঁত কারুকাজও ফুটে উঠেছে। এতে ১৮শ শতকের ইসলামী ক্যালিগ্রাফি ও অলংকরণশিল্পের সৌন্দর্য এবং সূক্ষ্মতার নানা দিক তুলে ধরা হয়েছে।
একাধিক ক্যালিগ্রাফি ধারার সমন্বয়
কালো কালি দিয়ে হাতে লেখা পাণ্ডুলিপিটিতে ইসলামী ক্যালিগ্রাফির একাধিক ধারার বৈশিষ্ট্য দেখা যায়। এতে লেখকের দক্ষতা এবং বিভিন্ন ক্যালিগ্রাফি রীতির স্বতন্ত্র বৈশিষ্ট্য প্রয়োগের সক্ষমতার পরিচয় পাওয়া যায়।
পাণ্ডুলিপিতে হরকত ও অন্যান্য স্বরচিহ্ন অত্যন্ত নিখুঁতভাবে সংযোজন করা হয়েছে। হাতে লেখা কোরআনের পাঠের শুদ্ধতা ও নির্ভুলতা নিশ্চিত করতে সে সময় যে বিশেষ গুরুত্ব দেওয়া হতো, এসব চিহ্নে তারই প্রতিফলন রয়েছে।
পাতায় পাতায় ফুলেল নকশা
পাণ্ডুলিপিটির শুরুর দিকের পাতাগুলোতে রয়েছে ফুলেল নকশা ও সূক্ষ্ম অলংকরণ। এসব নকশা তৎকালীন কোরআনিক পাণ্ডুলিপি সাজানোর বিশেষ শিল্পরীতির নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রাচীন এই পাণ্ডুলিপির মাধ্যমে দর্শনার্থীরা হাতে লেখা কোরআনের ইতিহাস ও ক্রমবিকাশ সম্পর্কে ধারণা পাচ্ছেন। পাশাপাশি আরবি ক্যালিগ্রাফির পরিবর্তন এবং বিভিন্ন সময়ে পাণ্ডুলিপি তৈরিতে ব্যবহৃত অলংকরণ ও সোনালি কারুকাজের কৌশল সম্পর্কেও জানার সুযোগ মিলছে।
ধর্মীয় ঐতিহ্যের পাশাপাশি শিল্পের দলিল
১৮শ শতকের এই হাতে লেখা কোরআনের পাণ্ডুলিপি শুধু ধর্মীয় ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন নয়, ইসলামী শিল্প ও আরবি ক্যালিগ্রাফির দীর্ঘ ইতিহাসেরও একটি মূল্যবান দলিল।
মক্কার হলি কোরআন জাদুঘরে এটি প্রদর্শনের মাধ্যমে প্রাচীন কোরআনিক পাণ্ডুলিপি সংরক্ষণ, ক্যালিগ্রাফির বিবর্তন এবং ইসলামী অলংকরণশিল্পের ঐতিহ্য নতুন প্রজন্মের দর্শনার্থীদের সামনে তুলে ধরা হচ্ছে।

