পঞ্চগড় বোদা উপজেলায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করেছে বিজিবি।
আজ সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তাইফুর হাসান মাহমুদ।
এর আগে গতকাল রোববার রাতে জেলার বোদা থানাধীন লাহেরিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এসব ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করে বিজিবি সদস্যরা।
বিজিবি জানায়, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা পঞ্চগড়ের বোদা উপজেলার ধামেরঘাট বিওপির নায়েব সুবেদার মোঃ আব্দুল লতিফের নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় অভিযান চলাকালে সীমান্ত পিলার ৭৭৭/এমপি হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বোদা উপজেলার কাজলদিঘী ইউনিয়নের লাহেরিপাড়া এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ১৩ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করে বিজিবি সদস্যরা৷
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তাইফুর হাসান মাহমুদ বলেন,সীমান্ত এলাকায় মাদকদ্রব্যসহ সকল প্রকার চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা পরিচালনা করা হচ্ছে৷

