বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, বিমসটেকের সভাপতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। এর পাশাপাশি ভারতের পক্ষ থেকে পৃথকভাবেও আমন্ত্রণ জানানো হয়েছে। ফলে প্রধানমন্ত্রী যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন।

বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ‘বন্ধু পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না।’ দুই দেশের সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

তথ্য উপদেষ্টা আরও জানান, বাংলাদেশ ও ভারতের গোয়েন্দা সংস্থার মধ্যে যোগাযোগ ও আলোচনা হতে পারে। ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং—‘র’-এর একজন প্রতিনিধি বর্তমানে ঢাকায় এসেছেন। দুই দেশের গোয়েন্দা প্রধানদের মধ্যে বৈঠকও হতে পারে।

‘র’-এর প্রধানের বাংলাদেশ সফরের বিষয়টি গোপন কোনো বিষয় নয় বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, দুই দেশের সম্পর্ক এখন নতুনভাবে গড়ে তোলা হবে। গত ১৭ বছরে যেভাবে সম্পর্ক পরিচালিত হয়েছে, তার বাইরে গিয়ে পারস্পরিক সমতা ও মর্যাদার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া হবে।

শেখ হাসিনা সরকারের সময়ের মতো ভারতের কোনো সংস্থা বা প্রতিষ্ঠানকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে না বলেও জানান তথ্য উপদেষ্টা।

তিনি বলেন, এখন থেকে দুই দেশের বিষয়গুলো একটি স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। বাংলাদেশের স্বার্থ ও সমতার ভিত্তিতেই ভবিষ্যতে ভারত-বাংলাদেশ সম্পর্ক পরিচালিত হবে বলেও তিনি উল্লেখ করেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন