সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

ঢাকা সফরের পর দিল্লিতে মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

নিউজ ডেস্ক

ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের পর নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। তবে আলোচনার বিস্তারিত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

এর আগে সোমবার ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠক করেন দীনেশ ত্রিবেদী। এরপর তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গেও সাক্ষাৎ করেন। এর আগের দিন রোববার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন ভারতের হাইকমিশনার।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, শেখ হাসিনার প্রত্যর্পণ দ্রুত সম্পন্ন করার জন্য ভারতের কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্তদের ফিরিয়ে দেওয়ার বিষয়েও দিল্লির সহযোগিতা চাওয়া হয়েছে।

এদিকে, ঢাকা-দিল্লি সম্পর্কে সাম্প্রতিক টানাপোড়েনের মধ্যেই দীনেশ ত্রিবেদীর দিল্লি সফর ও মোদির সঙ্গে বৈঠকটি বিশেষ গুরুত্ব পেয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নেওয়া এবং দুই দেশের জনগণের স্বার্থে গঠনমূলকভাবে কাজ করার বিষয়ে মোদির কাছ থেকে নির্দেশনা নিয়েছেন ত্রিবেদী।

গত এপ্রিল মাসে ভারতের সাবেক রেলমন্ত্রী ও প্রবীণ রাজনীতিক দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে তিনি প্রথম রাজনৈতিক পটভূমির কোনো ব্যক্তিত্ব হিসেবে এই দায়িত্বে এসেছেন।

কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, ঢাকা ও দিল্লির মধ্যে বিদ্যমান বিভিন্ন অমীমাংসিত ইস্যুর মধ্যে ভারতীয় হাইকমিশনারের ধারাবাহিক বৈঠক এবং এরপর মোদির সঙ্গে সাক্ষাৎ দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ গতিপথের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন