সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে তীব্র ঝাঁকুনি, পাইলটের মাদক পরীক্ষায় গাঁজা শনাক্ত

নিউজ ডেস্ক

তীব্র ঝাঁকুনির মধ্যে হঠাৎ প্রায় ৩০০ ফুট নিচে নেমে যাওয়া এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ২৪ জন আরোহী আহত হয়েছেন। ঘটনার তদন্তের মধ্যেই ফ্লাইটটির পাইলটের মাদক পরীক্ষায় গাঁজার উপস্থিতি শনাক্ত হয়েছে বলে জানা গেছে।

ঘটনাটি ঘটে গত ৪ আগস্ট ফুকেট থেকে নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার এআই২৩৭৯ ফ্লাইটে। উড্ডয়নের পর মাঝ আকাশে বিমানটি আকস্মিকভাবে তীব্র ঝাঁকুনির কবলে পড়ে এবং প্রায় ৩০০ ফুট উচ্চতা হারায়। এতে বিমানের ভেতরে থাকা কয়েকজন যাত্রী ও ক্রু আহত হন।

ঘটনার পর পাইলট ও সহকারী পাইলটের বাধ্যতামূলক মাদক পরীক্ষা করা হয়। প্রাথমিক পরীক্ষায় পাইলটের নমুনায় গাঁজার উপস্থিতির সন্দেহ পাওয়া যায়। পরে নিশ্চিত হওয়ার জন্য নমুনা নির্ধারিত পরীক্ষাগারে পাঠানো হলে সেখানেও ফলাফল পজিটিভ আসে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তবে পাইলট পরীক্ষার সময় মাদকের প্রভাবে ছিলেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়। শরীরে গাঁজার উপাদান শনাক্ত হওয়া মানেই ঘটনার সময় তিনি মাদক গ্রহণ করে উড়োজাহাজ চালাচ্ছিলেন-এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না। এ বিষয়ে তদন্তকারীরা আরও তথ্য যাচাই করছেন।

এদিকে, হঠাৎ উচ্চতা হারানো এবং যাত্রীদের আহত হওয়ার ঘটনায় ভারতের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) তদন্ত করছে। বিমানটির আকস্মিক উচ্চতা পতনের কারণ হিসেবে তীব্র ঝাঁকুনি ছাড়াও অন্য কোনো কারিগরি বা পরিচালনাগত বিষয় ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পর এয়ার ইন্ডিয়ার শীর্ষ কর্মকর্তারা ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। পাইলটের মাদক পরীক্ষার ফলাফল সামনে আসার পর ঘটনাটি নিয়ে বিমান নিরাপত্তা ও পাইলটদের মাদক পরীক্ষার ব্যবস্থা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন