রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

ফের তীব্র গ্যাস সংকট, চুলা থেকে শিল্পকারখানা—সবখানে ভোগান্তি

নিউজ ডেস্ক

রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের সংকট তীব্র আকার ধারণ করেছে। বুধবার (১২ আগস্ট) নগরীর বিভিন্ন পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস না পাওয়ার অভিযোগ করেছেন চালকরা। কোথাও গ্যাস মিললেও চাপ কম থাকায় প্রয়োজনীয় পরিমাণে নিতে পারছেন না তারা।

গ্যাসের জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে চালকদের। এতে দিনের বড় একটি সময় পাম্পে অপেক্ষা করেই কেটে যাচ্ছে। ফলে যাত্রী পরিবহনে সময় দিতে না পারায় অনেক চালকের আয়ও কমে গেছে।

চালকদের অভিযোগ, দীর্ঘ অপেক্ষার পর গ্যাস পেলেও পরিমাণ কম থাকছে। ফলে অল্প সময় চলার পর আবারও গ্যাসের জন্য পাম্পে ফিরতে হচ্ছে। এতে একদিকে যেমন সময় নষ্ট হচ্ছে, অন্যদিকে বাড়ছে ভোগান্তি ও আয় কমার আশঙ্কা।

গ্যাস সংকটের পেছনে এলএনজি টার্মিনাল মেরামতই একমাত্র কারণ কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। কেউ কেউ সংকটকে কেন্দ্র করে কোনো ধরনের কারসাজি হচ্ছে কি না, সেই সন্দেহও প্রকাশ করেছেন।

তবে পাম্পসংশ্লিষ্টরা বলছেন, সমুদ্রে বৈরী আবহাওয়ার কারণে আমদানিকৃত এলএনজিবাহী জাহাজ থেকে টার্মিনালে গ্যাস খালাস করা সম্ভব হচ্ছে না। এর ফলে দৈনিক ২৫ কোটি ঘনফুটের বেশি এলএনজি সরবরাহ কমেছে।

এর পাশাপাশি একটি এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় জাতীয় গ্যাস সরবরাহ ব্যবস্থায়ও এর প্রভাব পড়েছে। ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে গেছে।

গ্যাস বিতরণকারী সংস্থাগুলো বলছে, আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে এলএনজি খালাস ও সরবরাহ স্বাভাবিক হতে পারে। সে ক্ষেত্রে আগামী সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ বাড়ার সম্ভাবনা রয়েছে।

তবে এর আগ পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন ও চালকদের ভোগান্তি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন