বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষা ঘিরে সরকারের নতুন নির্দেশনা

নিউজ ডেস্ক

সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে অনিয়ম ঠেকাতে ১২ দফা কঠোর নির্দেশনা জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে মঙ্গলবার (১১ আগস্ট) এসব নির্দেশনা জারি করা হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণের কথা বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, আবেদনপত্রে আবেদন দাখিলের এক মাসের মধ্যে তোলা সাম্প্রতিক রঙিন ছবি ব্যবহার করতে হবে। লিখিত পরীক্ষার আগে আবেদনপত্র ও প্রার্থীর তথ্য ভালোভাবে যাচাই করতে হবে।

পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় মোবাইল ফোন, স্মার্টওয়াচ, ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়িসহ কোনো ইলেকট্রনিক ডিভাইস, ব্যাগ বা বইপত্র নিয়ে পরীক্ষার কক্ষে প্রবেশ করা যাবে না। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি করা যাবে। পরীক্ষা শুরু হওয়ার পর কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়া হবে না।

পরীক্ষার দায়িত্বে থাকা ব্যক্তিরাও মোবাইল ফোন বা অন্য কোনো ডিজিটাল ডিভাইস ব্যবহার করতে পারবেন না। প্রবেশপত্র ও হাজিরা শিটের ছবির সঙ্গে পরীক্ষার্থীর চেহারা এবং রোল নম্বর মিলিয়ে নিশ্চিত হওয়ার পর কক্ষ পরিদর্শক উত্তরপত্রে স্বাক্ষর করবেন। কোনো অসঙ্গতি পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানাতে হবে।

মৌখিক পরীক্ষার সময় প্রবেশপত্র, লিখিত পরীক্ষার উত্তরপত্র এবং প্রার্থীর হাতের লেখার মধ্যে মিল যাচাই করতে হবে। প্রয়োজন হলে মৌখিক পরীক্ষা বোর্ডে প্রার্থীকে পুনরায় সংক্ষিপ্তভাবে লিখতে দেওয়া যাবে।

সম্ভব হলে লিখিত পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থীর ছবি সংরক্ষণ করতে হবে। পরবর্তী ব্যবহারিক বা মৌখিক পরীক্ষার সময় সেই ছবির সঙ্গে প্রার্থীর চেহারা মিলিয়ে দেখতে হবে। একইভাবে মৌখিক বা ব্যবহারিক পরীক্ষায় অংশ নেওয়া প্রত্যেক প্রার্থীর ছবি বাধ্যতামূলকভাবে সংরক্ষণ করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী চাকরিতে যোগ দেওয়ার সময় এসব ছবি যাচাই করে নিয়োগপত্র দেওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে।

এ ছাড়া পরীক্ষা শুরুর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়া, পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন ও অন্যান্য সামগ্রী আনা ঠেকাতে আগাম প্রস্তুতি নেওয়া এবং প্রক্সি পরীক্ষার্থী শনাক্ত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রক্সি পরীক্ষার্থী শনাক্তে বায়োমেট্রিক যাচাইসহ প্রয়োজনীয় আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় মন্ত্রণালয় ও বিভাগগুলোকে তাদের অধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানগুলোকে এসব নির্দেশনা জানাতে বলেছে। পাশাপাশি পরীক্ষা চলাকালে ভিজিল্যান্স টিমের মাধ্যমে নিয়োগ পরীক্ষার কার্যক্রম তদারকির ব্যবস্থাও নিতে বলা হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন