বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির শীর্ষ নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে দলীয় সূত্রে আলোচনা রয়েছে। দলের বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে—এমন দাবি ঘিরে নতুন করে আলোচনায় এসেছে মহাসচিব পদে সম্ভাব্য উত্তরসূরির বিষয়টি।
দলীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, রাষ্ট্রপতি পদে মনোনয়ন পেলে সাংবিধানিক ও আইনগত বাধ্যবাধকতার কারণে মির্জা ফখরুলকে বিএনপির মহাসচিবের দায়িত্ব ছাড়তে হতে পারে। সে ক্ষেত্রে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে বিএনপির কেন্দ্রীয় কার্যক্রম পরিচালনা এবং দলটির মুখপাত্র হিসেবে সক্রিয় ভূমিকার কারণে রিজভী দলের শীর্ষ নেতৃত্বের আস্থাভাজন হিসেবে পরিচিত। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নীতিনির্ধারকদের আলোচনায় তার নাম গুরুত্ব পাচ্ছে বলেও দলীয় সূত্রের দাবি।
তবে মহাসচিবের সম্ভাব্য তালিকায় আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম রয়েছে। তাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও আমির খসরু মাহমুদ চৌধুরী, হাবিব-উন-নবী খান সোহেল এবং মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নামও আলোচনায় রয়েছে।
তবে রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়া কিংবা ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ার বিষয়ে রুহুল কবির রিজভী নিজে কোনো নিশ্চিত তথ্যের কথা জানাননি। তিনি বলেছেন, এ বিষয়ে তার সঙ্গে এখনো আনুষ্ঠানিকভাবে কেউ আলোচনা করেননি। দল তাকে যে দায়িত্বে মূল্যায়ন করবে, শীর্ষ নেতৃত্বের সেই সিদ্ধান্ত তিনি মেনে নেবেন।
এদিকে বিএনপির সাংগঠনিক কাঠামোতেও সামনে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দলটির সর্বশেষ ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৯ মার্চ। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পরপর কাউন্সিল হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে প্রায় এক দশক ধরে নতুন কাউন্সিল হয়নি।
দলীয় সূত্রের দাবি, আগামী ডিসেম্বরের মধ্যে বিএনপির পরবর্তী জাতীয় কাউন্সিল আয়োজনের পরিকল্পনা রয়েছে। ওই কাউন্সিলে দলের পূর্ণাঙ্গ মহাসচিব নির্বাচন করা হতে পারে। তার আগ পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে একজনকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন এবং মহাসচিব পদে সম্ভাব্য পরিবর্তনের বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

