রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু

নিউজ ডেস্ক

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৫ জনের শরীরে হাম শনাক্ত অথবা রোগটির উপসর্গ দেখা দিয়েছে।

বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা ও বরিশাল বিভাগে হামের উপসর্গে একজন করে দুই শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে রাজশাহী বিভাগে হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, গত ১৫ মার্চ থেকে ১২ আগস্ট পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৮৮৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৭৮৬ জন এবং হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৯ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯৪১ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৩৯ হাজার ১২৫ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৪৬৯ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১২ আগস্ট পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ২১ হাজার ১৩ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৮২৭ জন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন