ভারতের উত্তরপ্রদেশে কৃষকদের কাছ থেকে প্রতি লিটার ২০ টাকা দরে গো-মূত্র কেনার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। কৃষকদের আয় বাড়ানো, গ্রামীণ নারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং পরিত্যক্ত বা বয়স্ক গরুর পরিচর্যা নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট) ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, পাইলট প্রকল্প হিসেবে এরই মধ্যে বুলন্দশহর জেলায় কৃষকদের কাছ থেকে গো-মূত্র সংগ্রহ শুরু করেছে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন উত্তরপ্রদেশ সরকার।
প্রাথমিক পর্যায়ে প্রকল্পটি সফল হলে আনুষ্ঠানিক নীতি প্রণয়ন করে পুরো রাজ্যে এটি চালুর পরিকল্পনা রয়েছে বলে সরকারি সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে।
বর্তমানে বুলন্দশহরের সয়ানা তহসিলের নারসাইনা গ্রামে একটি ফারমার প্রোডিউসার অর্গানাইজেশনের মাধ্যমে প্রকল্পটি পরিচালিত হচ্ছে। এর নেতৃত্বে রয়েছেন ড. প্রবীণ।
প্রকল্পের আওতায় বর্তমানে ১৫টি গ্রাম থেকে প্রতিদিন গড়ে ৫০০ লিটার গো-মূত্র সংগ্রহ করা হচ্ছে। সংগ্রহ ও সংরক্ষণের সুবিধার্থে বিভিন্ন গ্রামে ২০০ লিটার ধারণক্ষমতার বিশেষ ট্যাঙ্কও স্থাপন করা হয়েছে। ভবিষ্যতে গো-মূত্রের ক্রয়মূল্য প্রতি লিটার ২০ টাকা পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
প্রকল্পে স্থানীয় গ্রামীণ নারীদেরও যুক্ত করা হয়েছে। প্রায় ৩০০ নারী গো-মূত্র সংগ্রহের কাজে অংশ নিয়েছেন। তাদের প্রতি লিটার গো-মূত্র সংগ্রহের জন্য ২ টাকা করে কমিশন দেওয়া হচ্ছে। এর ফলে অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তবে প্রকল্পটি নিয়ে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। সমাজবাদী পার্টির মুখপাত্র মোহাম্মদ আজম খান এটিকে ‘দুর্নীতির প্রকল্প’ বলে সমালোচনা করেছেন। তার অভিযোগ, আগামী নির্বাচনকে সামনে রেখে তহবিল সংগ্রহের উদ্দেশ্যেই বিজেপি এমন পরিকল্পনা করেছে। একই সঙ্গে রাজ্যের গোশালা ও গরুর নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
বিরোধী দলের এ সমালোচনার জবাব দিয়েছেন বিজেপির মুখপাত্র হিরো বাজপেয়ী। তার দাবি, বিরোধীরা সরকারের প্রতিটি উন্নয়নমূলক উদ্যোগেই নেতিবাচকতা খুঁজে বেড়ায়। বিশেষ করে যাদব সম্প্রদায়ের মানুষ এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হওয়ার সুযোগ পেলেও সমাজবাদী পার্টি তা মেনে নিতে পারছে না বলে মন্তব্য করেন তিনি।
সরকারি কর্মকর্তাদের মতে, পাইলট প্রকল্পের ফলাফল পর্যালোচনার পর এর পরিধি বাড়ানো এবং রাজ্যজুড়ে কার্যকর করার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

