রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করার কথা রয়েছে। এরপর নির্ধারিত সময়ের মধ্যে দলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হবে।
দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, তা নিয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। বৃহস্পতিবারের বৈঠকেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি রয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ আগস্ট। ফলে শেষ দিনেই প্রার্থী চূড়ান্ত করে মনোনয়নপত্র জমা দেওয়ার পরিকল্পনা করেছে বিএনপি।
বিষয়টি জানতে বুধবার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বৈঠকের সিদ্ধান্ত পেলে জানাবো।’
এর আগে রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায় আসে। তবে এ বিষয়ে এখনো দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
বৃহস্পতিবার স্থায়ী কমিটির বৈঠক শেষে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

