রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টা ৪৯ মিনিটে ১১ দলীয় ঐক্যের নেতারা প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্রে অলি আহমেদের প্রস্তাবক হিসেবে রয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আর সমর্থক হিসেবে মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন।
১১ দলীয় ঐক্যের পক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এবং এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচনী কর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় জোটের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি কয়েকজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
নির্বাচনী তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা নেওয়া হচ্ছে। আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট।
আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার হিসেবে ভোট দেবেন।

