রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দিলো বাংলাদেশ, হাসানের ৬ উইকেট

নিউজ ডেস্ক

ডারউইনে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত বোলিং প্রদর্শন করেছে বাংলাদেশের পেস আক্রমণ। হাসান মাহমুদের বিধ্বংসী বোলিংয়ে স্বাগতিক অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে মাত্র ১৯৮ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ।

ডানহাতি পেসার হাসান মাহমুদ একাই শিকার করেছেন ৬ উইকেট। তাঁর সঙ্গে তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন দুটি করে উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে ধস নামান। অস্ট্রেলিয়ার সবগুলো উইকেটই নিয়েছেন বাংলাদেশের পেসাররা।

ডারউইনের পেস সহায়ক উইকেটে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের আধিপত্য দেখা যায়। প্রথম সেশনেই অস্ট্রেলিয়ার চার উইকেট তুলে নেয় টাইগার পেসাররা। ১১.৪ ওভার থেকে ২২ ওভারের মধ্যে মাত্র ৬২ বলের ব্যবধানে চার ব্যাটারকে সাজঘরে ফেরানো হয়।

দ্বিতীয় সেশনে স্টিভ স্মিথ ও অ্যালেক্স ক্যারির ৫৫ রানের জুটি অস্ট্রেলিয়াকে কিছুটা ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দেয়। তবে ইবাদত হোসেন সেই জুটি ভেঙে ক্যারিকে ফিরিয়ে দেন। এরপর দ্রুত রান তোলার চেষ্টা করা বো ওয়েবস্টারকে গতি ও সুইংয়ে পরাস্ত করেন তাসকিন আহমেদ।

শেষ দিকে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে বড় ধাক্কা দেন হাসান মাহমুদ। ৫১তম ওভারের পঞ্চম বলে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক স্টিভ স্মিথকে ৭১ রানে ক্যাচ বানিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন তিনি। এরপর শেষ উইকেটটিও তুলে নিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে ছয় উইকেটের কীর্তি গড়েন এই পেসার।

বিদেশের মাটিতে টেস্টে বাংলাদেশের পেসারদের মধ্যে তিনবার পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার অনন্য রেকর্ডও গড়েছেন হাসান মাহমুদ। ভারত, পাকিস্তান ও ইংলিশ কাউন্টির পর এবার অস্ট্রেলিয়ার মাটিতেও বল হাতে নিজের সামর্থ্যের জানান দিলেন তিনি।

শেষ পর্যন্ত ৫৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯৮ রানেই থামে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। বাংলাদেশের পেসারদের দাপটে প্রথম ইনিংসেই স্বাগতিকদের বড় চাপে ফেলেছে সফরকারীরা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন