বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

নিউজ ডেস্ক

রাজধানীতে গ্যাস সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। উৎস থেকে সরবরাহ কমে যাওয়ায় গ্যাসের চাপ নেমে এসেছে সর্বনিম্ন পর্যায়ে। এতে একদিকে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ অপেক্ষায় পড়ছেন পরিবহন মালিক ও চালকরা, অন্যদিকে বাসাবাড়িতেও রান্নার কাজে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গিয়ে তীব্র গ্যাস সংকটের চিত্র দেখা গেছে। বেশ কয়েকটি স্টেশনে ‘গ্যাস নেই’ লেখা সাইনবোর্ড ঝুলতে দেখা যায়। কোথাও গ্যাস পাওয়া গেলেও চাপ কম থাকায় চাহিদামতো জ্বালানি নিতে পারছেন না চালকরা।

অনেক চালককে ভোর থেকে স্টেশনে অপেক্ষা করতে হচ্ছে। দীর্ঘ সময় অপেক্ষার পরও কেউ কেউ মাত্র ২০ থেকে ৫০ টাকার গ্যাস নিয়ে ফিরছেন। এতে সময় ও আয়—দুই দিক থেকেই ক্ষতির মুখে পড়ছেন সিএনজিচালিত যানবাহনের চালকরা।

গ্যাসের সংকটের কারণে রাজধানীর সাধারণ গ্রাহকদেরও দুর্ভোগ বাড়ছে। বিভিন্ন এলাকায় দিনের বড় একটি সময় বাসাবাড়িতে গ্যাস পাওয়া যাচ্ছে না। কোথাও চুলায় অল্প চাপের গ্যাস এলেও তা দিয়ে রান্না করা সম্ভব হচ্ছে না। আবার কিছু এলাকায় একেবারেই গ্যাস না পাওয়ার অভিযোগ করেছেন বাসিন্দারা।

হঠাৎ করে সরবরাহ কমে যাওয়ায় একদিকে পরিবহন খাতে অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে, অন্যদিকে বাসাবাড়ির গ্রাহকদের দৈনন্দিন জীবনেও এর প্রভাব পড়ছে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন ভুক্তভোগীরা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন