বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, ভারত সফরসহ প্রধানমন্ত্রীর অন্যান্য বিদেশ সফরের দিনক্ষণও এখনো নির্ধারণ করা হয়নি। আলোচনা শেষে এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রী ভারত কিংবা অন্য কোনো দেশে সফরে যাবেন—এ বিষয়ে এখনো কিছু চূড়ান্ত হয়নি। দুই দেশের আলোচনার ভিত্তিতে উপযুক্ত সময়ে সফরের সিদ্ধান্ত নেওয়া হবে।

ভারত-বাংলাদেশ সম্পর্কের প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের সরকারপ্রধান যখন সরাসরি বৈঠকে বসেন, তখন দ্বিপক্ষীয় বিভিন্ন সমস্যা সমাধানের সুযোগ তৈরি হয়। ভারতের উচিত সেই সুযোগকে ইতিবাচকভাবে কাজে লাগানো।

তিনি বলেন, দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হলে অনেক জটিল বিষয় নিয়েও সমাধানের পথ বের করা সম্ভব। বর্তমান পরিস্থিতিতে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটি সুযোগ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফরের সম্ভাব্য সময় জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, জাপান সফরের তারিখও এখনো নির্ধারিত হয়নি। দুই দেশের জন্য সুবিধাজনক সময়ে সফরের দিনক্ষণ ঠিক করা হবে। প্রধানমন্ত্রী বর্তমানে বিভিন্ন রাষ্ট্রীয় কাজে ব্যস্ত রয়েছেন।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, জুলাইয়ের ঘটনার ক্ষত এখনো শুকায়নি। তবে দুই দেশের প্রধানমন্ত্রী একসঙ্গে বসে আলোচনা করলে অনেক বিষয় সমাধানের সুযোগ রয়েছে। ভারত সেই সুযোগ কীভাবে কাজে লাগাবে, তা তাদের বিবেচনা করতে হবে।

এদিকে সিঙ্গাপুরে জনশক্তি রপ্তানির বিষয়ে শামা ওবায়েদ জানান, সরকারি পর্যায়ে এ বিষয়ে সফল আলোচনা হয়েছে। সিঙ্গাপুরে জনশক্তি রপ্তানি বাড়াতে আলোচনা এগিয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, সিঙ্গাপুর সফরের সময় বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের একটি প্রকল্পও পরিদর্শন করেছেন। এ ধরনের অভিজ্ঞতা বাংলাদেশের জন্যও কাজে লাগানো যেতে পারে বলে জানান তিনি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন