বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের ২৫টি কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা আরও এগিয়ে নেওয়ার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মাহ্দী আমিন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ২৫টি কোম্পানির শীর্ষ পর্যায়ের প্রায় ৫০ জন প্রতিনিধি কীভাবে বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণ করা যায় এবং দেশের বর্তমান স্থিতিশীল অর্থনৈতিক অগ্রগতি কীভাবে দীর্ঘস্থায়ী করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
মাহ্দী আমিন জানান, ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি এবং ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপের নেতৃত্বে ৫০ সদস্যের একটি মার্কিন ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে।
প্রতিনিধি দলটি গত তিন দিন ধরে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
বৈঠকে বাংলাদেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারের বিভিন্ন নির্বাচনী ইশতেহারে থাকা নীতি ও কর্মসূচি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের বেসরকারি খাত কীভাবে ভূমিকা রাখতে পারে, তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান মাহ্দী আমিন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বেসরকারি খাতকে বাংলাদেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রার অংশীদার করতে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণের মাধ্যমে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মাহ্দী আমিন বলেন, মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে হওয়া আলোচনার মাধ্যমে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে। এসব উদ্যোগ দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

