সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

হরমুজ বন্ধ থাকায় জার্মান শিপিং জায়ান্টের ৬০০ মিলিয়ন ডলার ক্ষতি

নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে হরমুজ প্রণালি বন্ধ থাকায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে বিশ্বের অন্যতম শীর্ষ কনটেইনার শিপিং কোম্পানি হ্যাপাগ-লয়েড। প্রতিষ্ঠানটির দাবি, প্রণালিটি বন্ধ থাকার কারণে দ্বিতীয় প্রান্তিকে তাদের প্রায় ৬০০ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।

জার্মানভিত্তিক এই শিপিং জায়ান্ট বৃহস্পতিবার জানিয়েছে, দ্বিতীয় প্রান্তিকে তাদের নিট মুনাফা গত বছরের একই সময়ের ৩০৬ মিলিয়ন ডলার থেকে কমে মাত্র ৮৩ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

হরমুজ প্রণালির অচলাবস্থার কারণে জাহাজ চলাচলে বিকল্প রুট ব্যবহার করতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। এতে জ্বালানি বা বাঙ্কার, বীমা, পণ্য সংরক্ষণ, রুট পরিবর্তন এবং অভ্যন্তরীণ পরিবহনে অতিরিক্ত ব্যয় বেড়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে কোম্পানিটির আর্থিক ফলাফলে।

হ্যাপাগ-লয়েড জানায়, এসব অতিরিক্ত ব্যয়ের কারণে তাদের লাইনার শিপিং বিভাগের পরিচালন মুনাফাও কমেছে। গত বছরের একই সময়ে ১৬৭ মিলিয়ন ডলার পরিচালন মুনাফা হলেও এবার তা নেমে এসেছে ১৫৩ মিলিয়ন ডলারে।

তবে মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে সৃষ্ট ক্ষতির পুরোটা বহন করতে হয়নি কোম্পানিটিকে। এশিয়া থেকে শক্তিশালী রপ্তানি প্রবাহ এবং যুক্তরাষ্ট্রে পণ্যের চাহিদা বাড়ায় আয়ের কিছুটা ঘাটতি পূরণ হয়েছে বলে জানিয়েছে হ্যাপাগ-লয়েড।

বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি ও বাণিজ্যিক নৌপথগুলোর একটি হরমুজ প্রণালি। এই নৌপথে দীর্ঘস্থায়ী অচলাবস্থা তৈরি হলে জাহাজ চলাচল, জ্বালানি পরিবহন এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় এর প্রভাব আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন