বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও) ও ইউরোপীয় বালিকা গণিত অলিম্পিয়াডের (ইজিএমও) পদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পদকজয়ী শিক্ষার্থীরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা ও অর্জনের কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও সাফল্য অর্জনের জন্য তাঁদের শুভকামনা জানান। একই সঙ্গে দেশে গণিতচর্চা ও গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও বিস্তৃত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সাক্ষাৎকালে বাংলাদেশ বালিকা গণিত ফাউন্ডেশনের (বিজিএমএফ) পক্ষ থেকে তৃণমূল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও সম্প্রসারণ ও কার্যকর করার জন্য সরকারি সহযোগিতা চাওয়া হয়। স্কুল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম বাড়াতে একটি তহবিল গঠনের প্রস্তাবও দেওয়া হয়। এতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থায়নের বিষয়ে তাৎক্ষণিক সম্মতি জানান প্রধানমন্ত্রী।

এ ছাড়া বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড কমিটির (বিডিএমও) পক্ষ থেকে স্কুলগুলোতে ‘অ্যাক্টিভিটি-ওরিয়েন্টেড ম্যাথমেটিকস’ চালুর প্রস্তাব দেওয়া হলে তাতেও সম্মতি দেন প্রধানমন্ত্রী।

স্কুল শিক্ষকদের গণিত দক্ষতা যাচাইয়ে আইইএলটিএসের আদলে পৃথক গণিত দক্ষতা যাচাই পরীক্ষা চালুর প্রস্তাবও আলোচনায় আসে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দেশে গণিতচর্চার পরিবেশ আরও শক্তিশালী করা এবং গণিত অলিম্পিয়াডের কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে দিতে ভবিষ্যতে সরকার প্রয়োজনীয় যেকোনো সহযোগিতা করবে।

সাক্ষাতে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. এ. এন. এম. এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, আইএমওর জাতীয় কোচ মাহবুবুল আলম মজুমদার, বিজিএমএফের চেয়ার প্রফেসর সাদিয়া হামিদ কাজী এবং বিডিএমও সদস্য মো. আব্দুল হাকিম খান উপস্থিত ছিলেন।

এ সময় আইএমও ও ইজিএমওর পদকজয়ী শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন আইএমও ব্রোঞ্জ ও ইজিএমও ব্রোঞ্জজয়ী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মনামী জামান, আইএমও রৌপ্যজয়ী চট্টগ্রাম কলেজের মো. রায়হান সিদ্দিকী এবং আইএমও ব্রোঞ্জজয়ী ঢাকা ইমপিরিয়াল কলেজের জাওয়াদ হামীম চৌধুরী।

এ ছাড়া ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের মোহাম্মদ মারজুক রহমান, আনন্দ মোহন কলেজের তাহসিন খান, রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের এম. জামিউল হোসেন এবং ইজিএমও ব্রোঞ্জজয়ী একই প্রতিষ্ঠানের সাজি সেহনাইও সাক্ষাতে অংশ নেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন