তাড়াহুড়ো করে নয়, সবার মতামত নিয়ে সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদের অক্ষর, দাঁড়ি, কমা, বিন্দু ও সেমিকোলন—সবকিছুই বাস্তবায়ন করা হবে। তবে এর ক্ষেত্রে সংবিধান সংস্কার ও সংবিধান সংশোধনের বিষয়টি আলাদাভাবে বিবেচনা করা হবে।
তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার ও সংশোধন নিয়ে সংশ্লিষ্ট সবার মতামতকে গুরুত্ব দেওয়া হবে। এ বিষয়ে কোনো ধরনের তাড়াহুড়ো করা হবে না বলেও ইঙ্গিত দেন তিনি।
এদিকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গণভোটের রায়ের সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের কোনো সম্পর্ক নেই।
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরই বিজয়ী হবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন দলটির নেতারা। বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে তাঁর পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেন বিএনপির নেতারা।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম মেনেই মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কমিশনের বিধিবিধান শতভাগ অনুসরণ করা হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

