রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

আগস্টের ১২ দিনেই রেমিট্যান্স এলো দেড় বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক

চলতি আগস্টের প্রথম ১২ দিনেই দেশে প্রায় ১৫০ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এ সময়ে মোট ১৪৯ কোটি ৯০ লাখ ডলার এসেছে, যা দৈনিক গড়ে প্রায় ১২ কোটি ৪৯ লাখ ডলার।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের আগস্টের প্রথম ১২ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১০৫ কোটি ৪০ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে চলতি আগস্টের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৪ কোটি ৫০ লাখ ডলার।

এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৪৩৫ কোটি ৮০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৩৫৩ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ২৩ দশমিক ৪০ শতাংশ।

এর আগে জুলাই মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২৮৫ কোটি ৮৬ লাখ ৮০ হাজার ডলার। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৪৩ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৩২ কোটি ৫৫ লাখ ১০ হাজার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ২০৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৩ লাখ ২০ হাজার ডলার।

প্রবাসী আয়ের এই ঊর্ধ্বমুখী ধারা সাম্প্রতিক সময়ে দেশের বৈদেশিক মুদ্রার বাজার ও রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্য শেষ হওয়া ২০২৫-২৬ অর্থবছরে প্রবাসীরা দেশে মোট ৩ হাজার ৫৫৮ কোটি ৯৩ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। কোনো একটি অর্থবছরে এটি বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন