রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতার অভিযোগে ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি

নিউজ ডেস্ক

রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় জড়িত থাকার অভিযোগ ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৯২ শিক্ষকের বিষয়ে খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামকে। কমিটির অন্য দুই সদস্য হলেন বিজ্ঞান অনুষদের ডিন এবং আইন অনুষদের ডিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি সংশ্লিষ্ট শিক্ষকদের বিষয়ে সার্বিক তথ্য পর্যালোচনা করে করণীয় নির্ধারণ করবে এবং প্রয়োজনীয় সুপারিশ দেবে। কমিটি ইতোমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলকে সক্রিয় করার লক্ষ্যে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতার কথা উল্লেখ করা হয়।

ওই প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ শিক্ষক এমন কর্মকাণ্ডে জড়িত বলে দাবি করা হয়েছিল। এর মধ্যে এখন পর্যন্ত ৫৮ জন শিক্ষকের নাম শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তীতে আরও কোনো শিক্ষকের নাম শনাক্ত হলে তাদের বিষয়েও কমিটি তদন্ত করে প্রয়োজনীয় সুপারিশ করবে।

তবে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা বা তাদের বক্তব্য সম্পর্কে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু জানানো হয়নি। কমিটির পর্যালোচনা ও সুপারিশের পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন