নিউজ ডেস্ক
সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা বা ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণে সমন্বিত নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
একই সঙ্গে এসব যানবাহনের নিবন্ধন ও লাইসেন্স দেওয়ার জন্য একটি সমন্বিত কর্তৃপক্ষ নির্ধারণ এবং বিদ্যমান বিধিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ই-রিকশা ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক সভায় এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সভায় নগর ব্যবস্থাপনা, যানজট নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা ও যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে ই-রিকশা ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট অংশীজনরাও এ বিষয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন।
নিয়মের আওতায় আসবে ই-রিকশা
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এবং স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৬-এর আলোকে ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা তৈরি করা হচ্ছে।
তিনি বলেন, নীতিমালা কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে নগরীর যানজট কমানো, যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।
নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন চালু হলে ই-রিকশা ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরার পাশাপাশি সরকারের রাজস্ব আয়ও বাড়বে বলে জানান তিনি।
এক কর্তৃপক্ষের অধীনে নিবন্ধন ও লাইসেন্স
প্রতিমন্ত্রী বলেন, সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ এলাকায় ই-রিকশার জন্য সমন্বিত লাইসেন্সিং কর্তৃপক্ষ নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে। এজন্য বিদ্যমান বিধিমালা সময়োপযোগী করে প্রয়োজনীয় সংশোধন আনা হবে।
স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন ও চালকের লাইসেন্স দেওয়ার সুযোগ তৈরিতে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৬’-এর কয়েকটি ধারা ও তফসিল ইতোমধ্যে সংশোধন করা হয়েছে।
এর আগে সিটি করপোরেশন এলাকায় ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণে ২০২৫ সালের ১৪ ডিসেম্বর ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৫’ জারি করা হয়। ১৭ ডিসেম্বর বিধিমালাটি গেজেট আকারে প্রকাশিত হয়।
সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান ই-রিকশা ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তা নিয়ে বিশেষজ্ঞ মতামত দেন।
সভায় দুই সিটি করপোরেশনের প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের সচিব, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

