সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

ট্রাম্প ক্ষমতায় থাকা পর্যন্ত যুদ্ধ চলবে

নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত চলমান সংঘাত দীর্ঘায়িত করার কৌশল বিবেচনা করতে পারে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধানের জ্যেষ্ঠ উপদেষ্টা মোহাম্মদ রেজা নাকদি এমন ইঙ্গিত দিয়েছেন।

মঙ্গলবার পিবিএস নিউজআওয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে নাকদি বলেন, দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে যুক্তরাষ্ট্রের ওপর এমন ক্ষয়ক্ষতির চাপ তৈরি করতে চায় তেহরান, যাতে ভবিষ্যতে কোনো দেশ ইরানে হামলার আগে সম্ভাব্য মূল্য নিয়ে ভাবতে বাধ্য হয়।

নাকদি বলেন, যুদ্ধ দীর্ঘায়িত করা ইরানের জন্য একটি কৌশল হতে পারে। এর মাধ্যমে মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইরান আরও অভিজ্ঞতা অর্জন করবে এবং ভবিষ্যৎ হামলা প্রতিরোধে নিজেদের সক্ষমতা বাড়াতে পারবে।

ট্রাম্পের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়াই ইরানের লক্ষ্য কি না—এমন প্রশ্নের জবাবে নাকদি বলেন, তেহরানের মূল লক্ষ্য হলো এমন প্রতিরোধক্ষমতা তৈরি করা, যাতে ভবিষ্যতে কোনো শত্রু ইরানে হামলার সাহস না পায়। তিনি দাবি করেন, ইরান বর্তমানে মনে করছে তারা যুদ্ধে জয়ী হচ্ছে। তবে চূড়ান্ত লক্ষ্য এখনো অর্জিত হয়নি।

আইআরজিসির এই জ্যেষ্ঠ উপদেষ্টার ভাষ্য, সংঘাত যত দীর্ঘ হবে, যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা সম্পর্কে ইরানের অভিজ্ঞতাও তত বাড়বে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলে ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে হামলা নিরুৎসাহিত করার সুযোগ তৈরি হবে।

নাকদি আরও দাবি করেন, ইরান বর্তমানে প্রতিদিন যত ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, তার চেয়ে বেশি ক্ষেপণাস্ত্র উৎপাদন করতে সক্ষম। বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা থাকায় যুদ্ধ দীর্ঘস্থায়ী হলেও ইরান হামলা চালিয়ে যেতে পারবে বলে দাবি করেন তিনি।

তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধ চালানোর সক্ষমতা নিয়ে সতর্কবার্তাও দিয়েছেন নাকদি। তার দাবি, ইরানের ক্ষেপণাস্ত্রের মজুত শেষ হয়ে গেলেও যুক্তরাষ্ট্রের জন্য দেশটি আরও বড় হুমকি হয়ে উঠতে পারে।

তিনি বলেন, বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের বিপুল অর্থনৈতিক স্বার্থ রয়েছে এবং সেগুলো ক্ষতিগ্রস্ত করা সম্ভব। তবে কোন কোন স্থাপনা বা অর্থনৈতিক স্বার্থকে লক্ষ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে কিংবা কীভাবে সেগুলোতে হামলা চালানো হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন